যদি আর দেখা না হয় ?
এমনটা তো হতেই পারে—
আমি তো আর ম্যাজিক জানি না!
হাত ছড়িয়ে আকাশ কোলে, ভেসে -
উড়ে যাব ঠিক তোমারই পাশে—
আমি তো সেই ম্যাজিশিয়ান নই।
তবে ভাবনা কিসের? তোমার বারান্দায়,
কোণের ওই ফুলদানিতে যখন ফুটবে ক্রীসেন্থিমাম ফুল,
তাকিয়ে দেখো— দেখবে আমার মুখচ্ছবি।
গায়ের গন্ধ ঠিক তোমার বরের মতো নয়,
একটু ভেষজ, মাটির মতো, সামান্য মশলাদার— হোক না!
সবাই কি আর গন্ধরাজ হয়?
মল্লিকা তুমি চন্দ্রমল্লিকার কানে
শুধু বার্তাটুকু দিও— দেখবে
তোমার চন্দ্র ঠিক হাজির, মুঠোফোনের গায়।
Comments
Post a Comment