কাল সারা রাতের প্রচেষ্টার শেষে
অশ্বডিম্বই পেলাম।
অথচ তুমি—ঠিক আমার পাশেই শুয়ে,
চোখ আটকে মোবাইলের পর্দায়,
অবিরাম রীলের স্রোত,
মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপ—
ঠোঁটের কোণে লাজুক একটুখানি হাসি।
আমি ডেকেছি তোমায় বহুবার
নিঃশব্দ সংকেতে,
বুঝিয়েছি, চোখে চোখে ভালবাসা
টেলিফোনে ছবি আঁকার মতো -
মনে মনে স্রোত জাগে না ।
ত্বকে ত্বকে স্পর্শে যে আলো ছড়ায়,
সেই কিরণেই ভালবাসার ব্রহ্মকমল ফোটে ।
তুমি তা বুঝবে না—জানি।
তার জন্য চাই একবুক উষ্ণতা,
আর চাই, যখনই অবকাশ, মনের ভেতর চাষ।
যদি ভেবেছো হাতের মোয়া মাত্র —
তবে সেখানেই প্রথম সর্বনাশ।
Comments
Post a Comment